ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিজয়া দশমী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩০, ২১ অক্টোবর ২০২৬

বিজয়া দশমী আজ

ফাইল ছবি

শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ছয় দিনের আনন্দ-উৎসব শেষে মণ্ডপে মণ্ডপে এখন বিদায়ের প্রস্তুতি।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টানা ছয় দিনের উৎসব শেষে বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন পূজামণ্ডপে নির্মাণ করা হয় আকর্ষণীয় তোরণ। পাশাপাশি মণ্ডপ প্রাঙ্গণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।

বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকে। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়িয়েছে সরকার। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে বর্ধিত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি মিলছে। টানা পাঁচ দিনের ছুটিতে উৎসবের আনন্দ আরও বেড়েছে।

দুর্গাপূজা শুধু একটি প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মের মানুষকেও একত্রিত করে। এর মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য ফুটে ওঠে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন