শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে পত্রিকাটির সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর অফিসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে পুলকের নিজ হাতে লেখা পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।
চিরকুটগুলোতে স্ত্রী প্রিয়াংকা, মেয়ে প্রকৃতি, ছোট ভাই দীপক চ্যাটার্জি, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশে পৃথক বার্তা লেখা ছিল।
প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানান তিনি।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সমকাল বরিশাল অফিসে এসে বাইরে থেকে তালা খোলা দেখতে পান ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী। তবে দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে সহকর্মী ও বাড়ির মালিককে জানিয়ে থানায় খবর দেওয়া হয়।
পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলক চ্যাটার্জির গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলক চ্যাটার্জি সমকাল প্রতিষ্ঠার সময় থেকে বরিশালের ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে সমকাল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।
চাকরিচ্যুতির পরও সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরী তাকে অফিসের একটি চাবি দিয়ে আগের মতো অফিসে বসার সুযোগ দিয়েছিলেন। সে অনুযায়ী মাঝেমধ্যে তিনি অফিসে আসতেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই