ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মহিনের জামিন

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫১, ২ অক্টোবর ২০২৬

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মহিনের জামিন

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিষয়টি বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে প্রকাশ্যে আসে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন বলেন, মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হবে। মহিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে রজনী ঘোষ লেনে সোহাগকে ধারালো অস্ত্র ও ইট-পাথর দিয়ে হত্যা করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নিহত সোহাগ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসা করতেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন