ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

অচিরেই দেশে ফিরছেন তারেক রহমান: ব্যারিস্টার কামরুজ্জামান

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:৪৭, ১১ আগস্ট ২০২৫

অচিরেই দেশে ফিরছেন তারেক রহমান: ব্যারিস্টার কামরুজ্জামান

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি জানান, নির্ধারিত নির্বাচনের তারিখের আগেই তারেক রহমান দেশে ফিরবেন এবং ক্ষমতায় গেলে অবহেলিত সব মানুষের জন্য কাজ করবেন।

সোমবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, তারেক রহমানের লক্ষ্য একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন করা, যেখানে নৈরাজ্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, চাকরির সুযোগ বাড়বে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হবে, সমাজ থেকে বিশৃঙ্খলা ও হানাহানি দূর হবে এবং একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা দিয়েছেন। সেখানে গ্রামীণ উন্নয়ন, কৃষকের কল্যাণ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। তারেক রহমান বিশ্বাস করেন—বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ, তাই জাতীয় উন্নয়নের চাবিকাঠি কৃষির উন্নয়ন। কৃষিকে শক্তিশালী না করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

ব্যারিস্টার কামরুজ্জামান অভিযোগ করেন, পতিত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তারেক রহমানের ইচ্ছা—সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।

এর আগে তিনি বড়পুকুরিয়া এলাকার বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণসংযোগে অংশ নেন। এ সময় পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় একটি স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন