ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

শরীয়তপুরে কৃষককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আলমাস পলাতক

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪৫, ২৭ আগস্ট ২০২৫

শরীয়তপুরে কৃষককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আলমাস পলাতক

ছবি: ঢাকা এক্সপ্রেস

শরীয়তপুরের জাজিরা উপজেলায় খবির সরদার (৫৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আলমাস সরদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং স্থানীয় মসজিদ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উমরদি মাদবর কান্দি জামে মসজিদের ফজরের আজানকে কেন্দ্র করে আলমাস সরদারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। তিনি আজানে ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে মসজিদের ইমামকে হুমকি দেন। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আলমাস ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে আলমাস তার সহযোগীদের নিয়ে খবির সরদারের বাড়িতে যায়। খবির সরদার ঘর থেকে বের হলে তাকে ছুরিকাঘাত করে স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়া হয়। খবিরের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খবিরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, আজানকে কেন্দ্র করে আলমাস দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে আজ খবির সরদারকে ছুরি মেরে হত্যা করেছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবুও তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন