ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৯, ২৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৫৯, ২৯ আগস্ট ২০২৫

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর একযোগে পদত্যাগ

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, দুর্নীতি, অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও একক আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এবাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজ থেকে আমরা বাংলাদেশ গণঅধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগ করছি। এই সিদ্ধান্ত হঠাৎ নয়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিবেকের তাড়না থেকেই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি পদত্যাগের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে—

১. তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন,

২. অভ্যন্তরে মতামতের কোনো মূল্য না থাকা,

৩. সংগঠন নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া,

৪. জেলা কমিটি গঠনে পকেট কমিটি ও অস্বচ্ছ প্রক্রিয়া,

৫. অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের অস্বাভাবিক প্রভাব,

৬. কমিটি গঠনে অর্থ বাণিজ্যের অভিযোগ,

৭.কর্মসূচি বাস্তবায়নে জেলা থেকে অর্থ সংগ্রহের চাপ,

৮. রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করা,

৯. এবং সর্বোপরি স্বৈরাচারী আচরণের অভিযোগ।

এবাদুল ইসলাম অভিযোগ করেন, মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও বাস্তবে নিয়ন্ত্রণ করছে যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্যের বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। জেলা পর্যায়ে কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে আমাদের অর্থ সংগ্রহ করতে হয়, যা এক ধরনের চাপ ও অবিচার।

তিনি আরো বলেন, আমি রাজনীতিকে জনসেবা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যম হিসেবে দেখি। কিন্তু বর্তমান সংগঠন তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। তাই নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এ সংগঠন থেকে সরে দাঁড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, শুধুমাত্র নওগাঁ নয়, পুরো রাজশাহী বিভাগেই কেন্দ্রীয় নেতাদের অযাচিত ক্ষমতার প্রয়োগে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্রয়ে বিভাগীয় পর্যায়ের কিছু নেতার অনৈতিক কর্মকাণ্ড দলকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন