ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির অর্ধগলিত মরদেহ উদ্ধার

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৭, ২৯ আগস্ট ২০২৫

শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আলমাস সরদার, ছবি: ঢাকা এক্সপ্রেস

শরীয়তপুরের জাজিরায় আলোচিত বিএনপি নেতা খবির উদ্দিন সরদার হত্যা মামলার এক আসামির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উমরদ্দিন মাদবর কান্দি এলাকার জব্বার মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে বস্তাবন্দী অবস্থায় মাটিচাপা দেওয়া মরদেহটি পাওয়া যায়। নিহত যুবকের নাম আলমাস সরদার (৩২)। তিনি ওই গ্রামের মৃত সহন সরদারের ছেলে এবং খবির উদ্দিন সরদার হত্যা মামলার ২ নম্বর আসামি।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিন সরদারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত খবিরের বড় ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ১৮ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার একদিন পরই আলমাসের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খবির ও আলমাস সরদার সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, খবির সরদার ও আলমাস সরদারের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া সম্প্রতি সরদারবাড়ি জামে মসজিদের কমিটি নিয়েও দুই পক্ষের দ্বন্দ্ব তীব্র হয়। গত ১৮ আগস্ট ফজরের আযান ও বয়ান নিয়ে বিরোধের পর আলমাস স্থানীয় ইমাম ও মুসল্লিদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এর জের ধরে খবির সরদারকে হত্যার ঘটনাও ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

মঙ্গলবার রাতে খবির সরদার বাড়ি থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। পরে তাকে ছুরি দিয়ে কুপিয়ে জব্বার মাস্টারের ডোবায় ফেলে রাখা হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় ক্ষুব্ধ খবিরের সমর্থকরা আলমাস সরদারের পরিবারের পাঁচটি বসতঘর ও একটি ছাগলের খামার ভাঙচুর ও লুটপাট করে।

এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে আলমাসের মরদেহ ডোবায় ভেসে উঠেছে। পুলিশ সেখানে গেলেও মরদেহ খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয়দের খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পরিত্যক্ত ভিটার মাটিচাপা দেওয়া জায়গা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

আলমাসের বোন হালিমা আক্তার অভিযোগ করে বলেন, দানেশ সরদার, রিপন, নুর ইসলাম কোতোয়ালসহ কয়েকজন আমার ভাইকে হত্যা করে মরদেহ গুম করে রেখেছিল। দুদিন ধরে আমরা খুঁজেছি, অবশেষে মাটিচাপা অবস্থায় মরদেহ পেলাম। আমার ভাইকে হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।

অন্যদিকে নিহত বিএনপি নেতা খবির সরদারের স্ত্রী মেরি অভিযোগ করেন, মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে আলমাস ও তার লোকজন আমার স্বামীকে হত্যা করেছে। যারা আমার দুই ছেলে ও দুই মেয়েকে এতিম করেছে তাদের উপযুক্ত বিচার চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, খবির ও আলমাসের পরিবারে জমি ও মসজিদ কমিটি নিয়ে বিরোধ ছিল। এই দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডগুলো ঘটতে পারে। আলমাসের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন