ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:১০, ৬ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ৩

ছবি: ঢাকা এক্সপ্রেস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস রহমতখালী খালে পড়ে গেলে অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহতদের একজন নওগাঁর হুমায়ুন কবির (৫০)। স্থানীয়রা পুলিশ সদস্যদের সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পানিতে তলিয়ে গেলে কয়েকজন যাত্রী আটকা পড়েন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হলে পরে তাদের মৃত্যুর খবর পাওয়া যায়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন