ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জাপায় ক্লিন ইমেজের আ. লীগের লোক পাবেন মনোনয়ন

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০২, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাপায় ক্লিন ইমেজের আ. লীগের লোক পাবেন মনোনয়ন

জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যায় অভিযুক্তদের বাদ দিয়ে আওয়ামী লীগের ‘ক্লিন ইমেজধারী’ যারা জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন, তাদের আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার কার্যালয়ে বিভাগের আট জেলার নেতা-কর্মীদের সঙ্গে যৌথসভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বলেন, আওয়ামী লীগের বহু সমর্থক আছেন, যারা ক্লিন ইমেজধারী। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা যদি আমাদের দলে যোগ দেন, আমরা অবশ্যই মনোনয়ন দেব। এতে প্রার্থী সংকটও মোকাবিলা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে, তাহলে তাকে মনোনয়ন না দেওয়ার কারণ নেই। ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের সমর্থকরা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তাদেরও আমরা মনোনয়ন দেব।

মোস্তফা বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং সহিংসতায় জড়িত নয়, তাদের বাঁচাতে বিএনপিরও ভূমিকা থাকা উচিত। যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে এবং অন্য দলগুলো সরে দাঁড়ায়, তখন বিএনপি একা হয়ে যাবে। একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।

সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন জেলা-উপজেলা নেতারা।

এ সময় রংপুর মহানগরী ও জেলার পাশাপাশি গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন