ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

জাজিরায় অটোচালকের চোখ উপড়ে হাত-পা ভাঙার অভিযোগ

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

জাজিরায় অটোচালকের চোখ উপড়ে হাত-পা ভাঙার অভিযোগ

রমজান মোল্লা, ছবি: ঢাকা এক্সপ্রেস

শরীয়তপুরের জাজিরার পূর্বনাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাট এলাকায় রমজান মোল্লা (৩৮) নামে এক অটোরিকশাচালককে চোখ উপড়ে ফেলা, হাত-পায়ের হাড় ভাঙা ও পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রমজান জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা গ্রামের শফি মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রমজান মোল্লা অটোরিকশা নিয়ে নাওডোবা যাচ্ছিলেন। পথে সুমন শিকদারসহ ৪-৫ জন তার গতিরোধ করে জোরপূর্বক বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলা হয় এবং হাত-পায়ের হাড় ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তবে জনতা শাহজাহান সম্রাট নামে এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আহত রমজান অভিযোগ করেন, সুমন শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি প্রশাসনের লোকজন তার বাড়িতে গেলে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।

স্থানীয় আবুল হোসেন শিকদার বলেন, সুমন শিকদার ১৫ বছর ধরে মাদক ব্যবসা করছে। তার নামে একাধিক মামলা থাকলেও জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে। পুলিশও তার কাছ থেকে চাঁদা নিয়ে চলে যায়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহমেদ জানান, রমজানের দুই চোখই ক্ষতবিক্ষত হয়ে তরল বেরিয়ে গেছে, অর্থাৎ চোখ দুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া দুই হাত ও এক পায়ের হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আহম্মেদ পারভেজ সেলিম জানান, ঘটনায় জড়িতদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন