ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

লক্ষ্মীপুর পৌরসভায় লাইব্রেরি উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুর পৌরসভায় লাইব্রেরি উদ্বোধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

সেবাগ্রহীতাদের জন্য লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে আধুনিক লাইব্রেরি চালু করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে লাইব্রেরির উদ্বোধন করেন। এতে একসঙ্গে ১৮ জন পাঠক বই পড়ার সুযোগ পাবেন।

উদ্বোধন উপলক্ষে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার কয়েকজন কর্মীকে কর্মদক্ষতার জন্য সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল ও বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহিন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, চৌমুহনী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ জেডএম ফারুকী, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী।

লাইব্রেরি উদ্বোধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, অবকাঠামোগত উন্নয়নে লক্ষ্মীপুর পৌরসভা এখন একটি আদর্শ প্রতিষ্ঠান। পাঠাগারে সমৃদ্ধ ও নির্বাচিত বই সাজানো হয়েছে, যা পাঠকদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি মানসিক পরিতৃপ্তি দেবে। বই পড়ার মাধ্যমে মানুষ আলোকিত হয়ে উঠবে।

পৌর প্রশাসক জসিম উদ্দিন জানান, অফিস চলাকালীন সময়ে সবার জন্য লাইব্রেরি খোলা থাকবে। এখানে বিজ্ঞান, দর্শন, আত্মোন্নয়ন, ধর্মীয়, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক বই পাওয়া যাবে। পাঠকদের জন্য কার্পেট বিছানো থাকবে, জুতা বাইরে রেখে বসেও বই পড়া যাবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন