ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

টেকনাফ পাহাড়ে বন্দিদশা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফ পাহাড়ে বন্দিদশা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে বন্দিদশা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁড়াশি অভিযানে তাদের মুক্ত করা হয়।

উদ্ধারদের মধ্যে রয়েছেন ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু। তারা রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা এসব মানুষকে টেকনাফে নিয়ে আসে। পরে গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়। এ চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় ও বিদেশে পাঠানোর নামে প্রতারণার সঙ্গেও জড়িত। এ কারণে টেকনাফ এলাকায় বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

তথ্যের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এতে পাহাড়ের চূড়ায় মানবপাচারকারীদের একাধিক আস্তানা শনাক্ত হয়। সেখান থেকেই বন্দি অবস্থায় ৬৬ জনকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া নারী-পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার সকাল ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে সংবাদ সম্মেলন করার কথা আছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন