শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বর্তমানে নিউইয়র্কে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরকালে আয়োজিত কিছু কর্মসূচিতে তাকে অংশ নিতে দেখা যায়। ওইসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় নেতাদের অভিযোগ, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় জাহিদ হাসান জড়িত। এর প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি আয়োজন করা হয়।
সন্ধ্যায় এনসিপির শরীয়তপুর জেলা সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভকারীরা জাহিদের বাড়ির সামনে মিছিল করেন এবং প্রধান ফটক ও দেয়ালে ডিম নিক্ষেপ করেন। ওই সময় বাড়িতে তার ছোট ভাইয়ের স্ত্রী মীম ইসলাম ও শাশুড়ি উপস্থিত ছিলেন।
মীম ইসলাম জানান, হঠাৎ করেই কয়েকজন লোক ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে এবং পরে ডিম ছুড়তে থাকে। তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
এনসিপির শরীয়তপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা এখানে এসেছি। পরিবারের কাউকে লক্ষ্য করা হয়নি, কেবল প্রতীকী প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ফেসবুকে আহ্বান জানিয়ে তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে জাহিদ হাসানকে সামাজিকভাবে বর্জনের ডাক দিয়েছেন।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর আমরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যাই। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে