ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

শরীয়তপুরে পারিবারিক বিরোধের জেরে গলাটিপে শিশু হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৯, ১ অক্টোবর ২০২৫

শরীয়তপুরে পারিবারিক বিরোধের জেরে গলাটিপে শিশু হত্যা

তায়েবা । ছবি: ঢাকা এক্সপ্রেস

পারিবারিক দ্বন্দ্ব ও জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচির যোগসাজশে শরীয়তপুরের ৬ বছরের মাদরাসা শিক্ষার্থী শিশু তায়েবাকে গলাটিপে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, ‘গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় শিশু তায়েবা। তাকে না পেয়ে তার বাবা টিটু সরদার সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২৬ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে প্রতিবেশী মেছুউদ্দিন মোল্লার বাড়ি ময়লার (টয়লেটের) ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।’ 

পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টিটু সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে নিহত তায়েবার চাচি আয়েশা খাতুন (৪৭) এবং নাছিমা বেগম (৩৫) ও আসিফ বেপারী (২০) নামের তিনজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে পুলিশ। আটক নাছিমা বেগম হত্যাকান্ডে জরিত ব্যক্তি সম্পর্কে তথ্য ও আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেন। তারই প্রেক্ষিতে আয়েশা খাতুন ও আসিফ বেপারীর বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে শরীয়তপুর আদালত ৩দিন রিমান্ড মঞ্জুর করেন।

আয়েশা ও আসিফের তথ্যের ভিত্তিতে শাহনাজ বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামী তায়েবার চাচি আয়েশা খাতুন (৪৭) এবং নাছিমা বেগম (৩৫), আসিফ বেপারী ও শাহনাজ বেগম মিলে শিশু তায়েবাকে হাত-পা চেপে ধরে ও গলাটিপে শ্বাসরোধ হত্যা করেন। এঘটনায় মূল পরিকল্পনাকারী তায়েবার চাচি আয়েশা খাতুন। এছাড়া তায়েবার কানের দুল ১৮ হাজার ৩০০ টাকা বিক্রি করা হয়েছিল, সেটিও উদ্ধার করা হয়েছে।

এসপি জানান, ‘শরীয়তপুরের সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামের নিহত তায়েবার বাবা টিটু সরদারের সঙ্গে তার ভাই শাহান শাহ সরদারের দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব ও  জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধেই হত্যা করা হয় তায়েবাকে।’

পুলিশ আরো জানায়, ‘চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামীদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমান সংগ্রহ অব্যাহত আছে।’

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, গোসাইরহাটে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন প্রমূখ  উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন