ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

জাজিরা থানার ওসিকে মোবাইলে হুমকি, জিডি

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৪, ৪ অক্টোবর ২০২৫

জাজিরা থানার ওসিকে মোবাইলে হুমকি, জিডি

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। অভিযোগে নাম রয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালীর।

জিডি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিথুন ঢালী জাজিরা থানার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। পরবর্তী দিন ২৯ সেপ্টেম্বর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে থানা এলাকায় নেতাকর্মীদের নিয়ে মহড়া করেন। পুলিশের অভিযানে তারা কৌশলে পালিয়ে যায়।

এর প্রেক্ষিতে ১ অক্টোবর পুলিশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করে, যেখানে মিথুন ঢালীকে ২ নম্বর আসামি করা হয়। ৩ অক্টোবর বিদেশি মোবাইল নম্বর থেকে ওসি মাইনুল ইসলাম এবং মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নেতাকর্মীদের উসকানির অভিযোগও রয়েছে।

ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া নেতাকর্মীদের নিয়ে থানার এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বিদেশি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এজন্য আমি জিডি করেছি। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন