শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৫, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৫৭, ৫ অক্টোবর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
দিনের শুরুতে পানি ছিল বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচে, দুপুরের পর তা দ্রুত বাড়তে থাকে। বিকাল ৩টার দিকে পানি বিপদসীমা ছুঁয়ে যায় এবং সন্ধ্যায় তা আরো বেড়ে যায়।
তীব্র স্রোত ও বৃষ্টির কারণে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সম্ভাব্য বন্যার আশঙ্কায় স্থানীয় প্রশাসন তিস্তা ব্যারাজ এলাকায় মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলছে।
তিস্তার পানি বৃদ্ধিতে হাতীবান্ধা উপজেলার ছয় ইউনিয়নের আট থেকে দশটি চর, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
তিস্তা ব্যারাজের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, নদীর পানি ক্রমাগত বাড়ছে, বর্তমানে ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে যাতে পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায়।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে