ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ক্ষেতলালে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৩, ১৮ অক্টোবর ২০২৫

ক্ষেতলালে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: ঢাকা এক্সপ্রেস

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল-বটতলী সড়কের কামারগাড়ী এলাকায় দুই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নাসির হোসেন (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাসির হোসেন উপজেলার তিলাবদুল মুন্সীপাড়া গ্রামের মৃত আব্দুল বাকির ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। স্থানীয় বটতলী বাজারে মসলা বিক্রেতা দেলোয়ার হোসেন ও পান-সুপারি বিক্রেতা এনামুল হকের বড় ভাই তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাসির হোসেন মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কামারগাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত আরো তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়দের মতে, নিহত নাসির হোসেনের ছোট ভাই কালাম হোসেনও কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যা তাদের পরিবারের জন্য আরেকটি করুণ অধ্যায় হয়ে এলো।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় নাসির হোসেন নামের একজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন