ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় বাঁশের সাঁকো পেয়ে খুশি সাত গ্রামের মানুষ

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৯, ২১ অক্টোবর ২০২৫

নেত্রকোণায় বাঁশের সাঁকো পেয়ে খুশি সাত গ্রামের মানুষ

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার ভারতীয় সীমান্তঘেঁষা কলমাকান্দা উপজেলার বুকে বয়ে গেছে স্থানীয় একটি নদ- মহাদেও। নদটি বর্ষায় রূপ নেয় ভয়ংকর স্রোতস্বিনীতে, আর শুষ্ক মৌসুমে পরিণত হয় ধু-ধু বালুচরে। এই নদ পারাপারে কোনো সেতু না থাকায় বহুদিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল আশপাশের সাত গ্রামের মানুষ। অবশেষে সেই কষ্ট লাঘব হয়েছে স্থানীয় উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকো তৈরির মাধ্যমে।

সম্প্রতি স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে এই সাঁকো, যার দৈর্ঘ্য ১৬০ ফুট এবং প্রস্থ ৬ ফুট। এটি উদ্বোধনের পর থেকেই আশপাশের ডাইয়ারকান্দা, কৃষ্টপুর, বালুচান্দা, শান্তিনগরসহ সাতটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ আনন্দে উৎফুল্ল। নদ পারাপারের দুর্ভোগ কিছুটা হলেও ঘুচবে- এমন আশায় ভর করেছে তাদের মন।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সমাজসেবক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মিত হয়। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নদটির দুপাড়ের মানুষের একমাত্র ভরসা ছিল ছোট ছোট নৌকা। প্রতিদিনই ডর-ভয় নিয়ে নদ পার হত তারা। বর্ষায় নৌকাডুবি বা দুর্ঘটনার আশঙ্কায় অনেকে জরুরি প্রয়োজনে পার হতেও ভয় পেতেন। নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের জন্য নদ পারাপার ছিল আতঙ্কের আরেক নাম।

ডাইয়ারকান্দা বাজার এলাকাটি স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এখানে সেতু নির্মাণের জন্য স্থানীয়রা বহুবার সরকারি দপ্তরে আবেদন ও যোগাযোগ করলেও তাতে কোনো ফল মেলেনি। শেষ পর্যন্ত জনগণের উদ্যোগেই তৈরি হলো এই বাঁশের সাঁকো, যা আপাতত হলেও এনে দিয়েছে কিছুটা স্বস্তি।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল বলেন, এই স্থানে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে উপজেলা প্রকৌশল দপ্তরে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে আসছি, কিন্তু কোনো সাড়া পাইনি। ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সাঁকোটি নির্মিত হওয়ায় আশপাশের সাত গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে।

বালুচান্দা গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, আগে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতাম- নদ পার হতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে কি না। এখন সেই ভয় অনেকটাই কেটে গেছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে মহাদেও নদ পার হয়ে এক গ্রামে গেলে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন যাতায়াতের কষ্টের কথা জানায়। এরপর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নেই। এখন সাতটি গ্রামের মানুষসহ স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারছেন। পাশাপাশি নদীর পাড়ে থাকা শ্মশানে হিন্দু সম্প্রদায়ের মানুষও এই সাঁকোর সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি আরো বলেন, বাঁশের সাঁকোটি একটি অস্থায়ী ব্যবস্থা। এখানে স্থায়ী সেতু নির্মাণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। জনহিতকর কাজে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন