শিরোনাম
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭:২১, ৩১ অক্টোবর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
কলেজ ক্যাম্পাস
সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ২০২১ সালের ১৮ মার্চ উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং একই বছরের ৫ অক্টোবর অধ্যক্ষের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বই ক্রয়ে অনিয়ম, ভুয়া ভাউচার তৈরি, ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, লাইব্রেরিতে বই কেনার নামে ভাউচার তৈরি করে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন তিনি। দায়িত্বরত কর্মচারী আবেদা সুলতানা এতে রাজি না হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া অনলাইন পেমেন্ট চালু থাকা সত্ত্বেও ছাত্রীদের কাছ থেকে বিনা রশিদে অতিরিক্ত অর্থ আদায় এবং ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করার অভিযোগও পাওয়া গেছে।
অধ্যক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, বিজ্ঞান ভবনের একটি ডরমেটরি নিজ দখলে নিয়ে বিশ্রামাগার হিসেবে ব্যবহার, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি, কলেজের অর্থে মাছ চাষ করা কিন্তু কলেজ ফান্ডে সেই টাকা জমা না দেওয়া ইত্যাদি।
শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, অধ্যক্ষ ইচ্ছামতো শোকজ ও সতর্কীকরণ চিঠি দেন, ছুটি অনুমোদন করেন না এবং এসিআর খারাপ দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করেন। একাধিক শিক্ষক এরই মধ্যে বদলি হয়েছেন, অনেকে বদলির জন্য আবেদন করেছেন।
ছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষ পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, বোরকা পরে আসতে নিষেধ করেন এবং বোরকা খুলে কলেজ পোশাক পরে ক্লাসে প্রবেশের নির্দেশ দেন। নিয়ম ভাঙলে রেজিস্ট্রেশন বাতিলের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাদের। এছাড়া মনোগ্রাম, সার্টিফিকেট ও প্রশংসাপত্রের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও কোনো রশিদ দেওয়া হয়নি।
তৎকালীন লাইব্রেরি কর্মচারী মোছা. আবেদা সুলতানা বলেন, বই না কিনেই বইয়ের নাম রেজিস্টারে তুলতে বলেছিলেন অধ্যক্ষ। রাজি না হওয়ায় আমাকে লাইব্রেরি থেকে সরিয়ে চাকরিচ্যুত করা হয়।
অন্তঃসত্ত্বা অবস্থায় ছুটি না পাওয়ার অভিযোগে তৎকালীন শিক্ষিকা খন্দকার সানজিদা ওয়াহেদ বলেন, অসুস্থ অবস্থায় কলেজে না যেতে পারায় আমার বেতন বন্ধ রাখা হয় ও মানসিকভাবে হয়রানি করা হয়।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক বলেন, কলেজে কোনো অনিয়ম করা হয়নি। শুধু মনোগ্রামের সামান্য টাকা নেওয়া হয়, কারণ এটি অনলাইনে করা সম্ভব নয়। প্রশংসাপত্রের ১০০ টাকা অফিস স্টাফরা নেয়, যা তাদের মজুরি হিসেবে দেওয়া হয়।
তিনি আরো বলেন, শিক্ষকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। দুজনকে নিয়ম মেনে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এসিআর খারাপ দেওয়ার অভিযোগ সঠিক নয়; বরং কিছু শিক্ষক নিয়মিত কলেজে আসেন না।
লাইব্রেরির ভাউচার নিয়ে প্রশ্নে তিনি বলেন, শিক্ষকদের রুমে এসি লাগাতে গিয়ে কিছু খাতে সমন্বয় করা হয়েছে। লাইব্রেরি বন্ধ থাকে এ অভিযোগ ঠিক নয়।
অধ্যক্ষ আরো দাবি করেন, আমি কলেজকে ভালো করতে চাই, কিন্তু শিক্ষকরা আমাকে সহযোগিতা করেন না। আমাকে আওয়ামী লীগপন্থী বলা হলেও, আমি এখানে আসতে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও বাধার মুখে পড়েছিলাম।
ঢাকা এক্সপ্রেস/ইউকে