ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের আগমনে জনতার ঢল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০:১২, ৬ নভেম্বর ২০২৫

মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের আগমনে জনতার ঢল

বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান। ছবি: ঢাকা এক্সপ্রেস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ। বুধবার (৫ নভেম্বর) বিএনপি মনোনীত মাগুরা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খানের আগমনকে কেন্দ্র করে কামারখালী থেকে মাগুরা শহর পর্যন্ত জনতার ঢল নামে।

সকালে কামারখালী ব্রিজে পৌঁছালে মুহূর্তেই চারদিক ভরে ওঠে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে। ফুলেল অভ্যর্থনা, ব্যানার, ফেস্টুন, আর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যেন নির্বাচনের আগেই মাগুরায় শুরু হয়েছে উৎসবের আমেজ।

বহুদূর পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাতে রাখে ধানের শীষের প্রতীক। শ্লোগানে শ্লোগানে মুখরিত পরিবেশে মনোয়ার হোসেন খানের গাড়িবহর ধীরে ধীরে শহরের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিল, করতালি আর উচ্ছ্বাসে পুরো পথজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর দৃশ্য।

ওয়াপদা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন খান। তিনি বলেন, মাগুরার জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। জনগণের অধিকার রক্ষাই হবে আমার প্রথম অঙ্গীকার। উন্নয়ন ও ন্যায়বিচারের মাধ্যমে মাগুরাকে এগিয়ে নিতে চাই।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। মাগুরার প্রত্যন্ত অঞ্চলে নতুন ধারা তৈরি করব উন্নয়নের।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে দুর্নীতি, অব্যবস্থাপনা ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। তারা মনে করেন, মনোয়ার হোসেন খানের মতো তরুণ ও দক্ষ নেতৃত্বই এখন পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারেন।

অভ্যর্থনা শেষে বিশাল শোভাযাত্রা শহরজুড়ে প্রদক্ষিণ করে। শহরের মোড় থেকে মোড় পর্যন্ত দেখা যায় ধানের শীষের পতাকা, স্লোগান আর করতালির ঢেউ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর মাগুরায় বিএনপির এমন গণজোয়ার জেলার রাজনীতিতে নতুন গতি ও সমীকরণ সৃষ্টি করেছে।

দিনভর চলা এই উৎসবমুখর পরিবেশে মাগুরা শহর যেন পরিণত হয় ধানের শীষের শহরে- যেখানে দলীয় পতাকায় ঢেকে যায় পুরো নগরী।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন