ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের জাতীয় ‘দেউলী উৎসব’ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৫, ৮ নভেম্বর ২০২৫

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের জাতীয় ‘দেউলী উৎসব’ অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দুদিন ব্যাপী জাতীয় ‘দেউলী উৎসব’ শুক্রবার রাতে শেষ হয়েছে। 'আমার সংস্কৃতি আমার অহংকার'- এই প্রতিপাদ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরিশিরি কালচারাল একাডেমির পক্ষ হতে উপজেলার শ্যামনগর গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে নানান কর্মসূচীর আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহি পোশাক-আশাক প্রদর্শন, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা। হাজং মাতা রাশিমণি কল্যাণ ট্রাস্টের সভাপতি ও আদিবাসী গবেষক মতিলাল হাজং উৎসবের উদ্বোধন করেন। কবি দোলন হাজং উৎসবের বিভিন্ন আঙ্গীক সঞ্চালনা করেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, সঞ্চালনা করেন কবি দোলন হাজং।

আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, সংস্কৃতিকর্মী আবদুল্লাহ আল মামুন, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রানী হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, শ্যামনগর হাজং গ্রাম প্রতিনিধি সজল হাজং প্রমুখ।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত হাজং, গারো, কোচ, বানাই, ডালু, হদি সম্প্রদায়ের সংগঠনসহ বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এই উৎসব উপভোগ করেন।

জানা যায়, সাধারণত অক্টোবর মাসে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের সময় যুবক-যুবতীরা গান-বাজনা করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, নাটক করে। এ সময় তারা কিছু চাল ও টাকা-পয়সা পায়। দলবেধে ঘোরার কারণে পছন্দের পাত্র-পাত্রী খুঁজে নেওয়ারও সুযোগ পায় আগ্রহী যুবক-যুবতীরা।

কায়সার কামাল বলেন, ‘ভারতীয় ইতিহাসের প্রথম উপনিবেশবিরোধী গণবিদ্রোহ ও তৎপরবর্তী সব স্বাধিকার আন্দোলনে নেত্রকোণার আদিবাসী জনগোষ্ঠী অপরিসীম ত্যাগ ও বীরত্বের সাক্ষ্য রেখেছে। হাতিখেদাবিরোধী বিদ্রোহ, গারো বিদ্রোহ, হাজং বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, টংক আন্দোলন, তেভাগা আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, কৃষক-প্রজা আন্দোলনসহ নানা আন্দোলনে তারা অকাতরে জীবন দিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসেও তাদের অবদান অনস্বীকার্য।’

কবি পরাগ রিছিল বলেন, ‘হাজংরা উৎসবমুখর জাতি। কিন্তু এই সম্প্রদায়ের অধিকাংশ উৎসব আজ বিলুপ্তির পথে। তাদের ধর্মীয় ও কৃষিভিত্তিক উৎসবগুলোর মধ্যে দেউলি উৎসব অন্যতম বর্ণিল আয়োজন। আত্নপরিচয়, সংস্কৃতিচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে যেন তারা আরো যত্নশীল হয় এবং সোনালি ঐতিহ্য নিয়ে গর্ব করতে পারে- এ লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

‘দেউলী’ এই উৎসব আমাদের হাজং সম্প্রদায়ের জাতীয় উৎসব। প্রতিবছর কার্তিক মাসে দিপান্বিতাতে অমানিশায় আমরা গ্রামে গ্রামে এই উৎসব করতাম। উৎসবে অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি গান-বাজনা হতো। এই উৎসবকে হাজং ভাষায় চরমাগা বলা হয়। সেটা এখন বিলুপ্ত। কিন্তু বাংলাদেশ সরকার হাজং সম্প্রদায়ের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের প্রতিষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরিশিরি কালচারাল একাডেমির পক্ষ হতে প্রতিবছর দেউলী উৎসবের আয়োজন করা হয়। এইবছর প্রথম উপজেলাসদরের বাইরে উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন