ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

গণভোট–নির্বাচন একসাথে আয়োজনকে জাতির সঙ্গে তামাশা: চরমোনাই পীর

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৭, ১৪ নভেম্বর ২০২৫

গণভোট–নির্বাচন একসাথে আয়োজনকে জাতির সঙ্গে তামাশা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই অভিযোগ করেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জনতার প্রকৃত আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, যারা এ সময়ের মধ্যে ক্ষমতায় ছিলেন, তাদের কেউই জনগণের কল্যাণে নয়, বরং ক্ষমতার প্রতি অনুরক্ত ছিলেন। দেশে সত্যিকারের দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে উঠলে ক্ষমতালোভীদের আর পালানোরও সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলার মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে দেশের মানুষের প্রত্যাশার সাথে বেমানান বলে উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন, লাখো শহীদের আত্মদানের পরও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং নানা অনিয়ম, চাঁদাবাজি ও নির্যাতন এখনও থামেনি। তাঁর ভাষায়, দেশ আজ বিশ্বে দুর্নীতির দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

তিনি বলেন, ইসলামই মানবতার প্রকৃত মুক্তির পথ দেখায়। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ভারসাম্যপূর্ণ দেশ গঠন জরুরি। সবাই ঐক্যবদ্ধ হলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমেদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন, মাওলানা মোক্তার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতারা।

এ ছাড়া বক্তব্য দেন চাঁদপুর সদর যুব আন্দোলনের মো. হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা সদস্য সচিব আলহাজ্ব মাইন উদ্দিন ও শফিকুল ইসলাম প্রধান, জামায়াত ইসলামী নেতা আবু সাঈদ এবং ইসলামী ছাত্র আন্দোলন মতলব দক্ষিণ সভাপতি মো. আলামিন। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিরব।

সম্মেলনে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকির হাতে নির্বাচনী প্রতীক হাত পাখা তুলে দেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন