ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৮, ১৬ নভেম্বর ২০২৫

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ছবি: ঢাকা এক্সপ্রেস

চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রবিবার (১৬ নভেম্বর) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি কর্মকর্তাদের সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদায়ী ডিসি কৃষি সম্প্রসারণ, সেচ প্রকল্প ও অসমাপ্ত দাপ্তরিক কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এছাড়া বাজারে ডিম, পেঁয়াজ, আলু ও গরুর মাংসের মূল্য নিয়ন্ত্রণ এবং বেদে পল্লীর চারটি টয়লেট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার নির্দেশ দেন। ইটভাটার মৌসুমকে সামনে রেখে অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে উত্তীর্ণ করতে হবে, ফেল করলে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবে না- এ নীতির ওপর ডিসি জোর দেন। চাঁদপুর নদী বন্দরের সীমানা নির্ধারণ এবং আধুনিক লঞ্চ টার্মিনালের কাজ দ্রুত শেষ করার জন্যও নির্দেশ দেওয়া হয়।

সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, পোর্ট অফিসার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা সমাজসেবা, জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ডিসি বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটকেন্দ্রসহ সরকারি অবকাঠামোর সংস্কার করা হবে। জেলা প্রশাসক হিসেবে তার কাজের লক্ষ্য ছিল চাঁদপুরকে উন্নয়নশীল ও শৃঙ্খলাবদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা।

সভায় উপস্থিত কর্মকর্তারা বিদায়ী ডিসিকে ধন্যবাদ জানিয়ে তার দায়িত্ববোধ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সভা শেষে ডিসি সকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য হ্যান্ডশেক করেন।

জানা গেছে, মোহাম্মদ মোহসীন উদ্দিন গত ১৪ মাস ৫ দিন চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বিকালে তিনি চাঁদপুর ত্যাগ করবেন এবং পরবর্তী কর্মস্থল হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে যোগদান করবেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন