শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৪, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
ভুক্তভোগী কৃষক হলেন পূর্ব বাকলজোড়া গ্রামের কালাচান তালুকদার (৫০), জহুর উদ্দিনের ছেলে। তিনি তার গ্রাম ও পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে আরসাদ (৩৪), মিন্টু সাদাম (৩২), লাল মিয়া (৩০), কমল মিয়া (৩২) ও জুয়েল মিয়া (৩৫) সহ অজ্ঞাত কয়েকজনকে।
কালাচান জানান, তিনি কলমাকান্দা উপজেলার মহিষাসুরা গ্রামের ফরিদ মিয়ার কাছ থেকে ৩৬ হাজার টাকায় নয়াপাড়া এলকার ২ একর জমি বর্গা নিয়েছিলেন এবং সেখানে ৫ হাজার কুমড়ার চারা রোপণ করেছিলেন। চারা রোপণের জন্য ধারদেনাসহ মোট খরচ হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা। গাছগুলো ইতোমধ্যেই ফলনোপযোগী হয়ে উঠেছিল এবং আগামী সপ্তাহেই কুমড়া সংগ্রহ ও বিক্রয় করার পরিকল্পনা ছিল।
কিন্তু গত রাত ১১টা থেকে ভোর ৩টার মধ্যে দুর্বৃত্তরা সমস্ত গাছ উপড়ে ফেলে দিয়েছেন। কালাচান অভিযোগ করেন, আরসাদ ও তার লোকজন আগে থেকেই জমিটি বর্গা নিতে বাধা দিচ্ছিল এবং খামারের ফসল বাড়িতে নিতে দিলে সমস্যা হবে বলে হুমকি দিচ্ছিল। এ ঘটনায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান জানিয়েছেন, কৃষকের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাছ কাটার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে