ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

চাঁদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলায় রূপ দিতে চাই: নবাগত ডিসি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:২২, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২৩, ২০ নভেম্বর ২০২৫

চাঁদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলায় রূপ দিতে চাই: নবাগত ডিসি

ছবি: ঢাকা এক্সপ্রেস

চাঁদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভায় জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেন, সাতটি জেলায় দায়িত্ব পালন করলেও চাঁদপুরে এসে তিনি এক বন্ধুসুলভ পরিবেশ অনুভব করেছেন। প্রেসক্লাবের সক্রিয়তা ও সহযোগিতাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, চাঁদপুরকে একটি আধুনিক, উন্নত ও সুন্দর জেলায় রূপ দিতে চান এবং এ লক্ষ্যেই তিনি কাজ করবেন। সংবাদকর্মীদের পাঠানো প্রতিবেদনগুলো তিনি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন বলেও জানান।

তিনি আরো বলেন, দেশের ভবিষ্যৎ কেমন হবে এবং জনগণ কী ধরনের সরকার চায়- এসব বিষয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরার দায়িত্ব রয়েছে। নির্বাচনসংক্রান্ত সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি মন্তব্য করেন।

জেলার প্রধান অর্থনৈতিক খাত ইলিশ উৎপাদন বাড়াতে তিনি নতুন পরিকল্পনার আভাস দেন। চাঁদপুরে যোগদানের পর তিনি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং স্থানীয় সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন বলে জানান। তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সাংবাদিকদের মতামতও শোনেন।

রেল, সড়ক, লঞ্চ চলাচল, অবকাঠামো উন্নয়ন, সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনার পাশাপাশি জেলা প্রশাসক বলেন, আমি চাঁদপুরে দিতে এসেছি, নিতে নয়। আপনাদের সহযোগিতায় এমন কিছু করতে চাই, যাতে চাঁদপুরবাসীর মুখে হাসি ফোটে এবং আমার কাজ মানুষের মনে থাকে।

সভায় চাঁদপুর প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ চাঁদপুরের চলমান উন্নয়ন, নদীভাঙন, যোগাযোগব্যবস্থার চ্যালেঞ্জ, ইলিশ সম্পদ রক্ষা, শিক্ষা–স্বাস্থ্য উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা- এসব বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন