ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নেত্রকোণা

মুক্ত পরিবেশ ধরে রাখতে হলে বিএনপিকে ভোট দিতে হবে: আনোয়ারুল

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৫, ২৩ নভেম্বর ২০২৫

মুক্ত পরিবেশ ধরে রাখতে হলে বিএনপিকে ভোট দিতে হবে: আনোয়ারুল

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর–বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, দেশে যাদের সঙ্গে বিএনপির নাম জড়িত ছিল- তারা গত সরকারের সময়ে হামলা, মামলা, খুন–গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্ট সেই সরকারের প্রধানমন্ত্রীসহ তাদের সহযোগীরা পালিয়ে যাওয়ার পর জনগণ মুক্ত ও স্বাধীন পরিবেশ ফিরে পেয়েছে। এই পরিবেশ ধরে রাখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে।

রবিবার (২৩ নভেম্বর) বিকালে বারহাট্টা উপজেলার উজানগাঁও–মনাষ আব্বাছিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসমা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশেষ কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, মানিক আজাদ, শামছ উদ্দিন আহমেদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান হাসান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আনোয়ারুল হক জানান, চলতি মাসের ৩ তারিখে কেন্দ্রীয় বিএনপি তাকে নেত্রকোণা-২ আসনে মনোনয়ন দিয়েছে। এ জন্য তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাউকে উদ্দেশ করে নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি ইসলামিক দল ঘরে ঘরে গিয়ে মানুষকে ভুল পথে প্ররোচিত করছে, ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বেহেশতের প্রলোভন দেখিয়ে জনমত প্রভাবিত করতে চাইছে। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন