ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মেধাবী ছাত্রী সৃজিতার অকাল মৃত্যুতে শোক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৭, ২৬ নভেম্বর ২০২৫

মেধাবী ছাত্রী সৃজিতার অকাল মৃত্যুতে শোক

ছবি: ঢাকা এক্সপ্রেস

পিরোজপুরের নেছারাবাদের কামারকাঠি এলাকার মেধাবী শিক্ষার্থী সৃজিতা দাস (১৭) আর নেই। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজে নেমে এসেছে গভীর শোক।

কামারকাঠী নব কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে সৃজিতা ভর্তি হয় স্বরূপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে। অল্প সময়েই মেধা ও ভদ্র আচরণের জন্য শিক্ষকদের প্রিয় ছাত্রী হয়ে ওঠে সে। স্কুলজীবনে রচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন আন্তঃবিদ্যালয় কার্যক্রমে ছিল নিয়মিত পুরস্কারপ্রাপ্ত।

স্থানীয় ‘কামারকাঠি অরণি পাঠাগার’-এর সক্রিয় সদস্যও ছিল সৃজিতা। পাঠাগারের সদস্যরা জানান, সম্প্রতি সৃজিতা ও তুহানকে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছিল। তার স্বপ্ন আর প্রাণচাঞ্চল্যই ছিল সেই কথোপকথনের কেন্দ্রবিন্দু।

শহীদ স্মৃতি কলেজ পরিবারও শোকে মর্মাহত। কলেজের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, একাদশ শ্রেণির শুরুতেই এমন করে একটি প্রাণবন্ত মেয়েকে হারাতে হবে ভাবিনি। সকালে ক্লাসে একটি বানান নিয়ে তাকে খুঁজছিলাম। পরে অসুস্থতার কথা শুনি। ভাবছিলাম সুস্থ হলে দেখতে যাব। কিন্তু সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে যাই।

সৃজিতা মানস কুমার দাসের একমাত্র কন্যা। তার মৃত্যুতে পরিবারে চলছে অশেষ বেদনা। সান্তনার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজনরা।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা সৃজিতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অল্প বয়সে প্রতিভাবান এক শিক্ষার্থীর চলে যাওয়া এলাকায় বড় শূন্যতা তৈরি করেছে। সৃজিতার অপূর্ণ স্বপ্নগুলো হয়তো থেমে গেছে, কিন্তু তার স্মৃতি, মেধা ও মানবিকতা দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন