ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২০:২১, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৮, ১ ডিসেম্বর ২০২৫

শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে নিত্যপণ্যের বাজার তদারকি ও আইন প্রয়োগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার (১ ডিসেম্বর) ব্যাপক অভিযান পরিচালনা করেছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার, বীজ, কীটনাশক ও মুদিদোকানের পণ্যমান, মূল্যতালিকা, ভাউচার সংরক্ষণসহ আইন মেনে চলার বিভিন্ন দিক যাচাই করা হয়।

অভিযানে মেসার্স সাহা ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পাশাপাশি অননুমোদিত বীজ বিক্রি ও মোড়কীকরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী পর্যায়ে মেসার্স রাজিব ট্রেডার্সে সার বিক্রয়ের ভাউচার সঠিকভাবে প্রদান না করা এবং স্টকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার প্রমাণ মিললে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন না ভাঙার বিষয়ে সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণসহ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন