ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন: ভাঙনের কবলে ফসলি জমি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪৩, ২ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন: ভাঙনের কবলে ফসলি জমি

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে চলছে অবৈধ বালু উত্তোলনের বেপরোয়া উৎসব। দিনের আলোয় মাঝ নদী থেকে, আর গভীর রাতে নদীর পাড় কেটে বালু তোলা হচ্ছে প্রকাশ্যে। প্রভাবশালী বালু ব্যবসায়ীদের এ তাণ্ডবে নদী তীরের ফসলি জমি, গ্রামীণ সড়ক ও চাষাবাদযোগ্য এলাকা দ্রুত ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ- প্রশাসনের মাঝে মাঝে পরিচালিত মোবাইল কোর্টে দু-একজন শ্রমিক ধরা পড়লেও, মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

সরেজমিনে তাললুকসহ বিস্তীর্ণ এলাকায় দেখা যায়- নদীতে একাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। দিনের বেলায় মাঝ নদী লক্ষ্য করে কাজ করলেও, রাতে চক্রটি নদীর পাড় কেটে বালু তোলে, ফলে তীরের মাটি নরম হয়ে ফসলি জমি ও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা আশঙ্কা করছেন- এভাবে চলতে থাকলে বসতবাড়িও নদীতে তলিয়ে যাবে।

বালু সিন্ডিকেটের ভয় দেখিয়ে এলাকাবাসীকে চুপ করানোর অভিযোগও রয়েছে। কেউ প্রতিবাদ করলেই হামলার শিকার হন বা দেওয়া হয় মিথ্যা মামলা। স্থানীয়রা জানান, বহুবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

উপজেলা প্রশাসনও সমস্যাটিকে গুরুতর হিসেবে স্বীকার করছে। মাদারীপুর সদর উপজেলার ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে একযোগে কাজ করতে হবে। সমন্বিত অভিযান চালালে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে মূল হোতারা বা সিন্ডিকেটের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেননি। এতে প্রশাসনের উদাসীন ভূমিকায় ক্ষুব্ধ জনসাধারণ।

পরিবেশবাদীরা সতর্ক করেছেন- অবৈধ বালু উত্তোলন অবিলম্বে বন্ধ না হলে আড়িয়াল খাঁ নদীর দুই তীরের বহু অঞ্চল মানচিত্র থেকেই মুছে যেতে পারে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জলজ প্রাণী ও জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন