শিরোনাম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৬, ৪ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। কালীবাড়ি মোড়ের কোট স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম, লঞ্চঘাট, বড় স্টেশন মোলহেডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছে জেলা প্রশাসন।
হঠাৎ শীত বেড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবেই এই উদ্যোগ নেওয়া হয়। কম্বল বিতরণের সময় ডিসি নাজমুল ইসলাম সরকার কয়েকজন শীতার্ত মানুষের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। কারও মুখে স্বস্তির হাসি, কেউ বা তার হাত ধরে দোয়া করেন।
ডিসি গণমাধ্যমকে বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও তীব্র শীত পড়ছে। রাস্তায় থাকা মানুষদের কষ্ট বেড়ে যায় এই সময়ে। তাদের কথা ভেবেই আজকের এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি জানান, জেলার প্রতিটি উপজেলায়ও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে- যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে, তাদের সবাইকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নজর রাখা হবে যেন একজন মাত্র একটি করে শীতবস্ত্র পান এবং তা যথার্থ উপকারভোগীর কাছেই পৌঁছায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
শীতের গভীর রাতে জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ ছিন্নমূল মানুষের জীবনে এনে দিয়েছে মুহূর্তের উষ্ণতা ও সান্ত্বনা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে