শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৫, ৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৫৯, ৬ ডিসেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তেই আগুন নিচতলায় ছড়িয়ে পড়ে এবং কম্পিউটার, আসবাবপত্রসহ জমি–সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে নষ্ট হয়। তিনি বলেন, ‘আমাদের বহু গুরুত্বপূর্ণ রেকর্ড পুড়ে ছাই হয়ে গেছে। এটি পরিকল্পিত নাশকতা ছাড়া কিছুই নয়।’
একই সময়ে শহরের সাবরেজিস্ট্রার অফিসেও ঘটে একই কায়দার হামলা। সাবরেজিস্ট্রার শুভ্রা রানী দাস জানান, পেট্রলবোমার আগুনে রেজিস্ট্রি অফিসের নিচতলা ও দলিল লেখকদের ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মূল্যবান জমি–সংক্রান্ত নথি ও দলিল লেখকদের কাগজপত্রও আগুনে ধ্বংস হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন লিডার মো. আলিম মোল্লা বলেন, ‘একই সময়ে দুই স্থানে আগুন লাগার ধরন দেখে আমরা নিশ্চিত- এটি সাধারণ দুর্ঘটনা নয়, পেট্রলবোমা নিক্ষেপ করেই আগুন লাগানো হয়েছে।’
পরপর দুই সরকারি প্রতিষ্ঠানে নাশকতার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। জেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে- কারা, কোন উদ্দেশ্যে এই সমন্বিত হামলা চালালো? তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে