ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় নারী ও মেয়েদের জন্য ৭ দফা দাবি

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৪, ৯ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণায় নারী ও মেয়েদের জন্য ৭ দফা দাবি

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারী ও মেয়েদের প্রতি সহিংসতার প্রতিটি ঘটনা তাদের স্বাভাবিক জীবনযাপন ও জন্মগত অধিকার ভোগের সুযোগকে বাধাগ্রস্ত করে। মানবাধিকার লঙ্ঘন হিসেবে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নারী ও মেয়েশিশুর জন্য সহায়ক পরিবেশ তৈরীতে রাষ্ট্র ও নাগরিক সমাজের করণীয় বিষয়ে ৭ দফা দাবি জানিয়েছে।

বেগম রোকেয়াদিবস উপলক্ষে মঙ্গলবার নেত্রকোণার বারহাট্টা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি প্রকাশ করা হয়। বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের ম্যানেজার সুরজিত কুমার ভৌমিক লিখিত বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও কমিউনিটি মবিলাইজার কামরুন্নাহার প্রমুখ।

সুরজিত কুমার ভৌমিক বলেন, নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা নির্মূলে গত ২৫ নভেম্বর থেকে ১৬ দিনের প্রচারাভিযান চালিয়ে আসছে বিএনপিএস। আজ মঙ্গলবার ১৫তম দিনে বেগম রোকেয়াদিবসে রাষ্ট্র ও সমাজের কাছে ৭ দফা দাবি তুলে ধরা হচ্ছে।

বিএনপিএসের গুরুত্বপূর্ণ দাবিসমূহের মধ্যে রয়েছে- অপরাধীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় বন্ধ করা, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, হাইকোর্টের রায়ের আলোকে আইন প্রণয়ন, থানায় নারী পরিচালিত ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন, পরিবারের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং লোকলাজের ভয়ে ঘটনা ধামাচাপা না দিয়ে আইনের আশ্রয় গ্রহণ নিশ্চিত করা।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন