ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:০৮, ৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৯, ৯ ডিসেম্বর ২০২৫

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

ছবি: ঢাকা এক্সপ্রেস

শীতের ভোরে বাসের চাপায় প্রাণ গেলো আট বছরের মাদরাসা ছাত্র মাহফুজের। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের পশ্চিম পাশে আড়িবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। শিশুটিকে চাপা দিয়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় মাহফুজ। সে শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়ির হাফেজ মঈনুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মিজান পাটোয়ারী জানান, মাহফুজ স্থানীয় একটি বেসরকারি মাদরাসায় পড়ত। সকাল ৬টার দিকে মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিশুটির বাবা মঈনুল ইসলাম, যিনি মহামায়া বাজার মসজিদের সহকারী ইমাম, কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাসটি ধীরে চললে হয়তো সন্তানটি বেঁচে যেত। আমার ছেলের কোনো দোষ ছিলো না, বাসটি পাশ ঘেঁষে এসে চাপা দিয়ে চলে গেছে।

দুর্ঘটনায় শিশুর মৃত্যু নিশ্চিত করে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, পরিবার চাইলে তাদের আইনগত সহযোগিতা করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন