ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:১৬, ১০ ডিসেম্বর ২০২৫

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ও সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, ‘আগামী দুই–চার দিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্ব দেবেন। আমরা সবাই তার অপেক্ষায় রয়েছি।’

এ্যানি অভিযোগ করেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছিল। এমনকি যে খাবারগুলো খেতেন, সেগুলোতেও বিষ মেশানো হতো। সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে বের হয়েছেন। এর দায় শেখ হাসিনাকেই নিতে হবে।’

চেয়ারপারসন সম্পর্কে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি এতটাই অসুস্থ যে আল্লাহ জানেন কখন তিনি সুস্থ হবেন। খালেদা জিয়া বেঁচে থাকা মানে বাংলাদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী থাকা। তিনি বিএনপির মনোবল ও সাহস।’

এ্যানি এবারের জাতীয় সংসদ নির্বাচনকে ‘একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, ‘আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার–নির্যাতন করে ভোট করার মতো পরিবেশ তারা রাখতে পারেনি। এবার নির্বাচন কঠিন।’

মহিলা দল ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এ্যানি বলেন, ‘বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে। বাসায় বসে আয় করা সম্ভব হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরো শক্তভাবে নিশ্চিত করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন