ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৯, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র-জনতা। এতে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে মহাসড়কের ফেনী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকের অংশে অবস্থান নেন তারা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা জুমার জামাজের পর শহরের জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শহীদ শহিদুল্লা সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে অবস্থান নেন। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা।

রাশেদুল ইসলাম নামে এক আন্দোলনকারী বলেন, ‘জুলাইয়ের সম্মুখসারির এক যোদ্ধাকে গুলির ঘটনা ঘটার এক সপ্তাহ পার হলেও প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা নিতে পারেনি। সরকার আমাদের ভাইদের রক্তের ওপর চেয়ারে বসেও তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানুষকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। হত্যার বিচারের দাবিতে বাধ্য হয়ে আমরা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় না আনলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আবদুল আজিজ বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে হাদি আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথে লাখো হাদি চলবে। যতদিন দেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে, ততদিন রাজপথে আমাদের লড়াই চলবে। হাদির খুনিরা যেখানেই থাকুক, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন