শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৩, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৪, ২২ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন সমীকরণ ও নেতৃত্ব নিয়ে আলোচনা জোরালো হয়েছে। মনোনয়ন ঘোষণার পর তিন দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন এবং প্রার্থীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নেতৃত্ব, জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে তিন আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
মাদারীপুর–১ (শিবচর)
১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিবচর উপজেলাই মাদারীপুর-১ আসন। এ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। কয়েক বছর আগে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন। তার প্রয়াত স্বামী নাজমুল হুদা মিঠু চৌধুরী শিবচরের পরিচিত বিএনপি নেতা হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন।
এই আসনে জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আকরাম হোসেন।
বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘শিবচরের মানুষের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। বিভেদ ভুলে দলের সবাইকে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা, নারী উন্নয়ন ও অবহেলিত মানুষের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই মাঠে নেমেছি।’
জামায়াত ইসলামী প্রার্থী সরোয়ার হোসেন বলেন, ‘ন্যায়, শান্তি ও কল্যাণ নিয়ে রাজনীতি করি। শিবচরের মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন, তার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আকরাম হোসেন বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও ন্যায্য সমাজ কাঠামো গঠনের দায়িত্ব নিয়েই মানুষের পাশে থাকতে চাই। শিবচরের উন্নয়নে অবদান রাখতে পারলে সেটাই হবে আমার সাফল্য।’
মাদারীপুর–২ (সদরের একাংশ ও রাজৈর)
মাদারীপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-২ আসন। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। চার দশকেরও বেশি সময় ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় জাহান্দার আলী জাহান সরকারি নাজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা লোকমান হোসেন জাফরি।
বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান বলেন, ‘আমি ৪৬ বছর ধরে বিএনপির সাথে আছি। মনোনয়ন প্রাপ্তি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বহু বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের ন্যায্য অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সোবহান বলেন, ‘সততা ও নীতির পথে থেকে মানুষের সেবা করাই আমার রাজনীতি। এ অঞ্চলের সমস্যা সমাধান ও শান্তি পূর্ণ সমাজ গঠনে কাজ করতে চাই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা লোকমান হোসেন জাফরি বলেন, ‘ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। রাজনীতি আমার কাছে দায়িত্ব, সুযোগ নয়।’
মাদারীপুর–৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ)
মাদারীপুর সদর উপজেলার একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা ও সক্রিয়তার কারণে তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে পরিচিত ও জনপ্রিয়।
এই আসনে জামায়াতের প্রার্থী জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আজিজুল ইসলাম।
বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন বলেন, ‘শিক্ষা, কর্মসংস্থান ও টেকসই উন্নয়ন এইসব লক্ষ্য নিয়ে মাদারীপুর-৩ আসনের মানুষের পাশে থাকতে চাই। তাদের আস্থা অর্জনই আমার প্রথম লক্ষ্য।’
জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘সততা ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। জনকল্যাণমুখী কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই।’
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুল ইসলাম বলেন, ‘সেবা, ন্যায় ও মানবতার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। মানুষের উন্নয়নই আমার সব প্রচেষ্টার কেন্দ্র বিন্দু।’
ঢাকা এক্সপ্রেস/ইউকে