ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

মাদারীপুরে অর্ধ হাজার মানুষ পেল চিকিৎসা সেবা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৬, ২৫ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরে অর্ধ হাজার মানুষ পেল চিকিৎসা সেবা

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানবসেবায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল-হেলাল সমাজ সংঘ। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরহোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

মেডিক্যাল ক্যাম্প-এ অর্ধ হাজারের বেশি হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। একই সঙ্গে এলাকার বিদ্যুৎ সুবিধা জোরদারে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সোলার প্যানেলও বিতরণ করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে মেডিসিন, শিশু, নারী, চক্ষু, গাইনি ও সাধারণ রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধও সরবরাহ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অক্ষমতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, মূলত তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তার সোহানুর রহমান সোহান বলেন, গ্রামাঞ্চলের অনেক মানুষ সামান্য রোগ নিয়েও দীর্ঘদিন ভোগেন চিকিৎসার অভাবে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। সময়মতো চিকিৎসা পেলে অনেক রোগই জটিল পর্যায়ে পৌঁছায় না।

চক্ষু চিকিৎসক ইউসুব জামান বলেন, আমি বিশেষ করে চক্ষু চিকিৎসা দিয়ে থাকি। আমি হতদরিদ্র মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে অনেক আনন্দ লাগতেছে।

এদিকে স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আমি নারীদের সকল বিষয় শুনে তাদের ভালো পরামর্শের মাধ্যমে সুচিকিৎসা দিয়ে যাচ্ছি। এ গ্রামাঞ্চলের লোকজনেরা শহরে গিয়ে ডাক্তারের কাছে মন খুলে সব কথা বলতে না পারলেও তারা আমাদের কাছে বলছে এটাই সবচাইতে আমাদের আনন্দের বিষয় যে আমরা একটা রোগীর কাছাকাছি যেতে পারছি।

চিকিৎসা নিতে আসা রোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসাসেবা পাওয়া এক বৃদ্ধ রোগী মোতালেব হাওলাদার বলেন, টাকার অভাবে অনেকদিন ডাক্তারের কাছে যেতে পারছিলাম না। এখানে এসে ভালোভাবে ডাক্তার দেখাতে পেরে খুব উপকার হয়েছে।

আরেক রোগী জুতমাত ভানু জানান, ফ্রি চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা খুব খুশি। এমন ক্যাম্প নিয়মিত হলে গ্রামের মানুষ উপকৃত হবে।

আয়োজক আল-হেলাল সমাজ সংঘের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আমরা এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আল-হেলাল সমাজ সংঘের প্রতিষ্ঠাতা বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর পরিচালক নিজামুল ইসলাম শান্ত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবু সাইম, মাদারীপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আবু তৌফিক আহমেদসহ সংগঠনের সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন