ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিংগাইরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: জরিমানা ৫৫ হাজার টাকা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১৯:২০, ৭ জানুয়ারি ২০২৬

সিংগাইরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: জরিমানা ৫৫ হাজার টাকা

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলার পয়েন্ট ও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে সিংগাইর পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী ভাসমান দোকানিদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এছাড়া একই দিনে উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন