শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৫, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ২১ জানুয়ারি ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। ছবি: ঢাকা এক্সপ্রেস
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, ‘গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো—এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করবো। এটাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গণভোট সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনগণের সম্পৃক্ততা এবং ভোটারদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কার্যক্রম আরো জোরদার করা হবে।
এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি বলেন, গ্রাম পুলিশের সদস্যদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের গণভোটের গুরুত্ব বোঝাতে হবে, যাতে কেউ বিভ্রান্ত বা অজ্ঞাত না থাকে।
জেলা প্রশাসন জানায়, ‘গণভোট ২০২৬—সঠিক সিদ্ধান্ত আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে জেলার সব উপজেলায় ধারাবাহিকভাবে সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরো বিস্তৃত ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে