ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সাধারণ ভোটারদের চোখে পিরোজপুর-৩-এর সংসদ নির্বাচন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৭:০০, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৩, ২৮ জানুয়ারি ২০২৬

সাধারণ ভোটারদের চোখে পিরোজপুর-৩-এর সংসদ নির্বাচন

ছবি: ঢাকা এক্সপ্রেস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৫ দিন। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এবারের ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন ছয়জন। এদের মধ্যে একজন স্বতন্ত্র হলেও বাকি পাঁচজন বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামান ফুটবল প্রতীক, জাসদের প্রার্থী করিম শিকদার মোটর গাড়ী প্রতীক, এনসিপি ও জামায়াতে ইসলামীর জোট প্রার্থী শামীম হামিদী শাপলা কলি প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মাশরেকুল আজম রবি লাঙ্গল প্রতিক, ইসলামী আন্দোলনের প্রার্থী রুস্তম আলী ফরাজি হাত পাখা প্রতীক এবং বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জামায়াত-এনসিপি জোটপ্রার্থী দেওয়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জলিল শরীফ জোট সমর্থন করে ইতোমধ্যেই তার নিজ প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রথমদিকে ইসলামী আন্দোলন ও জামায়াতের জোটের গুঞ্জন থাকলেও শেষে তা হয়নি।

অপরদিকে অন্যান্য দলগুলোর মধ্যে আগেই বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে। ১৮'র সংসদ নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তিনি। তবে তখনকার ফ্যাসিস্ট সরকারের একচেটিয়া ভোট কারচুপির মাধ্যমে সারাদেশে অবৈধভাবে নৌকাসহ তাদের পক্ষের প্রার্থীদের বিজয়ী করা হয়। এ আসনের সাবেক সাংসদ রুস্তম আলী ফরাজী এবার হাতপাখা থেকে মনোনয়ন নিলেও বিগত পতিত আ.লীগ শাসনামলে তিনটি সংসদ নির্বাচনের প্রতিটিতে অংশ নিয়ে দুটিতে হেরে ১৪'র ডামি নির্বাচনে একবার এমপি হয়েছিলেন তিনি। রুস্তম আলী ফরাজী ৮৬ হতে মোট নয়টি নির্বাচনের মধ্যে পাঁচটিতে হেরে চারটিতে এমপি হিসেবে সংসদে যান। বিগত এসব নির্বাচনে তিনি বিএনপি, স্বতন্ত্র ও জাতীয় পার্টির হয়ে নির্বাচন করলেও বর্তমানে আবার তিনি ইসলামী আন্দোলনের হয়ে মাঠে নেমছেন।

এ আসনে মূলত ধানের শীষ, হাতপাখা ও শাপলা কলির প্রার্থীরা রয়েছেন মূল আলোচনায়। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া শাখার একাধিক নেতা বলেন, মঠবাড়িয়া জামায়াত তাদের পছন্দের প্রার্থী না পেয়ে কিছুটা অসন্তোষে রয়েছে। তবে এবারের জোটে একজন জানাশোনা ও স্থানীয়ভাবে পরিচিত প্রার্থী পেলে এই অসন্তোষভাব থাকত না বলে জানান তারা।

অপরদিকে রুস্তম আলী ফরাজী বিগত নির্বাচনগুলোতে বারবার দল পরিবর্তন করেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে, ১৪ সনের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হলেও তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের জাতীয় হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এতে অনেকেই মনে করছেন বিগত দিনে বারবার দল পাল্টানোর কারণে সাধারণ ভোটার ও কর্মী সমর্থকরা রুস্তম আলী ফরাজীর পক্ষে সরাসরি কাজ করতে বিরক্তি বোধ করছেন।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর পরই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ধানের শীষ মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকেই মনোনয়ন দেয় দলটি। অন্যদিকে মঠবাড়িয়া বিএনপিতে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক গ্রুপিং বিদ্যমান থাকাসহ সম্প্রতি উপজেলা বিএনপির কমিটি ও কয়েকটি অঙ্গ সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে যথাযথ আন্তরিকতার অভাব রয়েছে বলে দাবি করেন অনেকেই। যদিও মঠবাড়িয়া বিএনপির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতারা বলেন, এসব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তবে পরিস্থিতি যাই হোক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এর ভেতর থেকেই একজনকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে এ আসনের ভোটারেরা।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, অতীতের সকল নির্বাচনের থেকে এবারের নির্বাচনটি ব্যতিক্রমধর্মী। বেশিরভাগ মনে করেন, ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ও হাতপাখার প্রার্থী রুস্তম আলী ফরাজীর মধ্যেই হবে পিরোজপুর-৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা। অধিকাংশ ভোটারদের দাবি, প্রার্থীদের মধ্য থেকে বেশিরভাগ ভোটে যিনি নির্বাচিত এমপি হিসেবে সংসদে যাবেন তিনি যেন বিগত অতীতকে শিক্ষা হিসেবে দেখেন এবং যথাযথ দায়িত্ব পালন করেন। সাধারণ ভোটারেরা প্রত্যাশা করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে ভোট কারচুপি ও নির্বাচন পরবর্তী অনিয়ম দুর্নীতি হয়েছে, যে কোন মূল্যে তা এবার এড়িয়ে চলতে চান এ অঞ্চলের সাধারণ মানুষ।

অন্যদিকে নির্বাচন পরিচালনার রূপরেখা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায় আসনটিতে। সেনা টহল জোরদার করাসহ ইতোমধ্যেই পুলিশ সদস্যদেরকে দেওয়া হয়েছে একটি করে বডি ক্যামেরা। এসব ক্যামেরাগুলো সবসময় কর্মরত পুলিশ সদস্যদের বুকের সাথে চালু অবস্থায় লাগানো থাকবে। ক্যামেরার ফুটেজ স্থানীয় থানাসহ পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণ করবে। অপরাধমূলক কর্মকান্ড ও অবৈধ যান চলাচল ঠেকাতে প্রতিনিয়ত সেনাবাহিনী কর্তৃক চেকপোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে। বেশ কিছুদিন আগে থেকেই অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে নির্ধারিত ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক পাহারা দেওয়া হচ্ছে। সার্বিক পর্যালোচনা সাপেক্ষে ধারণা করা যায়, জনসাধারণ এবার নির্বিঘ্নে তাদের বহু প্রতিক্ষিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের সংসদ নেতা বেছে নিতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন