ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

গলাচিপায় সালিশ বৈঠকে প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গলাচিপায় সালিশ বৈঠকে প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

ছবি: ঢাকা এক্সপ্রেস

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকের মধ্যে এক প্রতিবন্ধী ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালভেড়া বাজার এলাকায় ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টার দিকে চর কপালভেড়া বাজারে সুলতান গাজীর দোকানের সামনে জমির ভোগদখল সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে মো. রিয়াজুল ইসলাম (৩৪)-এর সঙ্গে প্রতিপক্ষ মো. লিটন খান (৫৫)-এর বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে লিটন খান ও তার সহযোগীরা হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলা নম্বর ২৩।

স্থানীয়রা আহত রিয়াজুল ইসলামকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তিনি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— মো. লিটন খান, মো. ইউনুছ খান, মো. ফোরকান খান, মো. বাপ্পি খান, মো. মকবুল খান, মো. ফেরদৌস খান ও মো. টিমন খান।

ভুক্তভোগী রিয়াজুল ইসলাম জানান, লিটন খানের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। তিনি দাবি করেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে এবং তার বাবা ও চাচা খোরশেদ আলম খান উত্তরাধিকার সূত্রে ও ক্রয়ের মাধ্যমে জমির মালিকানা অর্জন করেন। জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়েছিল।

তিনি আরো অভিযোগ করেন, সালিশ চলাকালে জমির কাগজপত্র দেখানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে লিটন খান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লিটনের ভাই ফেরদৌস আক্রমণের চেষ্টা করলে বাধা দিতে গিয়ে তিনি হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালিশ বৈঠকে চার শিবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাওলাদার, নেসার উদ্দিন গাজী ও মানিক হাওলাদার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন