ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে মারধর

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৪, ৪ মার্চ ২০২৬

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে মারধর

ছবি: সংগৃহীত, প্রতীকী 

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত অনিয়ম ও এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিকাশ বাছাড় ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম এবং এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে রাতে গোয়ালদা বাজার এলাকায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং কয়েকটি কার্ড স্থানীয় রাজনৈতিক নেতাদের দেন। বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকায় ইউপি সদস্য দিলীপ কুমারের সঙ্গে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউপি সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাংবাদিক বিকাশ বাছাড় তার জিডিতে উল্লেখ করেন, সকালে ভিজিএফ চাল বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে সংবাদ প্রকাশ করেন। পরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ তাকে ফোন করে গোয়ালদাহ বাজারে ফরমান খানের দোকানে যেতে বলেন। সেখানে পৌঁছে অপেক্ষা করার সময় রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। সংবাদটি মুছে না ফেললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডিতে অভিযুক্ত হিসেবে আকিদুল ইসলাম আখি (৪৮), মতিয়ার রহমান বাবু (৫৫) ও শ্যামল মণ্ডল (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন