ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

রাজবাড়ীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৯:২১, ৪ মার্চ ২০২৬

রাজবাড়ীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ীর পাংশা থেকে গাজীপুরের তহুরা বেগম (২২) নামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামীরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং একই ইউনিয়নের বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)। ভুক্তভোগী তহুরা বেগম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা এবং ৪ বছরের এক মেয়ে আছে। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তহুরা বেগমের সঙ্গে সাত মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় পাংশা উপজেলার সরিষা এলাকার জয়নাল মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী সজল মণ্ডলের সঙ্গে। এই সম্পর্ক গত ১৪ ফেব্রুয়ারি বিচ্ছিন্ন হয়। পরে সজলের বন্ধু আকাশ বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তহুরাকে পাংশায় ডেকে আনে। রাত ১১টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ন কেন্দ্রের একটি কক্ষে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা এবং স্বর্ণের কানের দুলও নিয়ে নেয়।

পরবর্তী সময়ে ভুক্তভোগী পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা ঘটনাটির সত্যতা স্বীকার করেছে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন