ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

পাংশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, পেল ১২০১ পরিবার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৩, ১০ মার্চ ২০২৬

পাংশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, পেল ১২০১ পরিবার

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী–২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত এই পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ধাপে ১২০১ জনকে এ কার্ড দেওয়া হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহ কার্যক্রম শেষে প্রকৃত সুবিধাভোগীদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে “ফ্যামিলি কার্ড: স্বপ্ন নয়, বাস্তবতা” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর পর্যায়ক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সুবিধাভোগীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে এই ফ্যামিলি কার্ড অগ্রণী ভূমিকা পালন করবে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত অভাবী মানুষের অধিকার সুরক্ষা করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনা করে পাংশা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাজবাড়ী।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন