ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সিংগাইরে অসহায় শিশুর চিকিৎসায় সাত্তার ফাউন্ডেশনের সহায়তা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯:২২, ১১ মার্চ ২০২৬

সিংগাইরে অসহায় শিশুর চিকিৎসায় সাত্তার ফাউন্ডেশনের সহায়তা

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার হৃদরোগে আক্রান্ত শিশু সিনথিয়া আক্তার-এর চিকিৎসার জন্য মানবিক সহায়তা দিয়েছে সাত্তার ফাউন্ডেশন। শিশুটির হার্টের অপারেশনের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সিনথিয়া আক্তার (৮) সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার জাহাঙ্গীর আলম-এর কন্যা। চিকিৎসকদের মতে, তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য আগামী এপ্রিল মাসে হার্টের অপারেশন করার পরিকল্পনা রয়েছে। অপারেশনে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় অপারেশনের ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট দানশীল ব্যক্তি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার খান শিশুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

বুধবার সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা সিনথিয়ার পরিবারের হাতে এই অর্থ তুলে দেন।

সিনথিয়ার মা বলেন, আমার মেয়ের হার্টে দুইটা ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশন করতে বলেছেন। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হবে। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা খুব কঠিন। সাত্তার ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করেছে, এতে আমরা অনেক সাহস পেয়েছি। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই, যেন সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

সহায়তা পেয়ে সিনথিয়ার পরিবার সাত্তার ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ বিষয়ে সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, সিনথিয়া আক্তারের মতো অসহায় ও রোগগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই না কোনো আর্থিক সমস্যার কারণে শিশুটি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হোক। সাত্তার ফাউন্ডেশন সবসময়ই সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন