শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৭, ১৪ মার্চ ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (১৩ মার্চ) জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশ্যে বলা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এমন অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অনৈতিক তদবির বা প্রভাব বিস্তারের সুযোগ না দিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন, তবে বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও এ সতর্কবার্তার অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি ও বিভ্রান্তি থেকে রক্ষা করতেই এ সতর্কতা জারি করা হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি তার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ নির্দেশনার ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে