ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

কালাইয়ে দর্শনার্থীদের জিম্মি করে টিকিট বাণিজ্যের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩২, ২৩ মার্চ ২০২৬

কালাইয়ে দর্শনার্থীদের জিম্মি করে টিকিট বাণিজ্যের অভিযোগ

ছবি: ঢাকা এক্সপ্রেস

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। প্রশাসনের অনুমতি ছাড়াই দিঘির প্রবেশপথে ১০০ টাকার টিকিট বিক্রি করে এ অর্থ আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জেলার পুনট ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫ জনকে নিয়ে একটি তথাকথিত ‘নিরাপত্তা কমিটি’ গঠন করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা। পরে জাদুর খেলা প্রদর্শনের কথা বলে দিঘির প্রবেশপথে টিকিট কাউন্টার স্থাপন করা হয় এবং দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। তবে এই আয়োজন সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা প্রশাসনের কাউকেই অবহিত করা হয়নি।

স্থানীয়রা জানান, অতীতে নান্দাইল দিঘিতে প্রবেশের জন্য কখনো কোনো অর্থ দিতে হয়নি। কিন্তু চলতি ঈদের ছুটিতে মেলার নামে দর্শনার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে। শুধু প্রবেশপথেই নয়, পাশের এমপিওভুক্ত ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত নাগরদোলা, সাম্পান নৌকা ও জাম্পিংসহ বিভিন্ন বিনোদনমূলক রাইড থেকেও প্রায় এক লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া মেলায় বসা ফুচকার দোকানসহ অন্যান্য ভ্রাম্যমাণ দোকানপ্রতি ৪ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এর ফলে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দর্শনার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নাম ব্যবহার করে এবং তার ‘মৌখিক অনুমতি’ রয়েছে দাবি করে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযুক্ত গোলাম মোস্তফা কোনো সরকারি অনুমোদন বা টেন্ডার গ্রহণ না করার বিষয়টি স্বীকার করে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ৭০ থেকে ৮০ জন লোক কাজ করেছেন। টিকিট বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ সংশ্লিষ্টদের মধ্যে ভাগ করে দেওয়ার পর অবশিষ্ট টাকা মসজিদে দান করা হয়েছে। তিনি আরো জানান, পরে পুলিশ এসে টিকিট বিক্রি বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, গোলাম মোস্তফা বিএনপির কোনো নেতা নন। প্রতি বছরই একটি সুযোগসন্ধানী গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এ ধরনের কার্যক্রম চালায় বলে তিনি দাবি করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরাকে ফোনে পাওয়া না গেলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন