ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

রাজবাড়ীতে ১০টি তেল পাম্পে সরবরাহ বন্ধ, বিপাকে যানবাহন চালকরা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১:১২, ২৩ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ১০টি তেল পাম্পে সরবরাহ বন্ধ, বিপাকে যানবাহন চালকরা

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজবাড়ী জেলায় আকস্মিকভাবে ১০টি তেল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা। কয়েকদিন ধরে পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল না থাকায় জরুরি প্রয়োজনে অনেকেই যানবাহন নিয়ে চলাচল করতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহে সংকট দেখা দেওয়ায় এসব পাম্পে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। ফলে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পরিবহন চালকরা পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। অন্যদিকে যেসব পাম্পে সীমিত পরিমাণে তেল সরবরাহ আসছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ভুক্তভোগী মো. সাজ্জাদ চিশতি জানান, তিনি পাবনা থেকে রাজবাড়ীতে একটি দাওয়াতে এসেছেন। কিন্তু এখন কোথাও তেল না পাওয়ায় বাড়ি ফিরবেন কীভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

জেলা শহরের বাসিন্দা সুমন শেখ বলেন, তিনি একটি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করেন। গত দুই দিন ধরে শহরের বিভিন্ন পাম্পে ঘুরেও তেল পাননি। কাজের চাপ থাকায় জ্বালানি না পেলে বড় সমস্যায় পড়তে হচ্ছে।

ঢাকা থেকে রাজবাড়ীতে আসা মো. কামরুল জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন। তবে দ্রুত তেল না পেলে গাড়ি নিয়ে ঢাকায় ফেরা কঠিন হয়ে পড়বে। তিনি দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ভোগান্তি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন