ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৪, ২৫ মার্চ ২০২৬

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা

ছবি: সংগৃহীত 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট-এ বুধবার (২৫ মার্চ) বিকালে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পাঁচ থেকে সাতজন নিজে পাড়ে উঠতে সক্ষম হন, আর দুজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বাকিরা বাসের ভেতরে আটকা পড়ায় বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানিয়েছেন, বিকাল সোয়া পাঁচটার দিকে ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ফেরি পন্টুনে সজোরে আঘাত করলে বাসটির নিয়ন্ত্রণ হারায়। ঘটনার সময় বাসে নারী-শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। ইতোমধ্যে কয়েকজন ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নামে এবং ঢাকা সদর দপ্তর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সংস্থাকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, এ মুহূর্তে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাসটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করেছে। ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে নিযুক্ত রয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণাধীন এবং আরো যাত্রী উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন