ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

মধুমতি নদীতে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল শিশুর মরদেহ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫:৪৩, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪৪, ২৮ মার্চ ২০২৬

মধুমতি নদীতে নিখোঁজের দুদিন পর ভেসে উঠল শিশুর মরদেহ

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হওয়ার দুদিন পর শিশু তাসমিয়া (১১)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ডিগ্রিরচর খেয়াঘাট এলাকায় স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখতে পান। তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো. জিন্নাহর মেয়ে।

জানা যায়, ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে ২৬ মার্চ পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে যায় তাসমিয়া। পরিবারের সদস্যরা দুটি ট্রলারে করে নদীতে ঘুরতে বের হন। নদীর চরে ছবি তোলাসহ ঈদের আনন্দে মেতে ওঠেন তারা।

একপর্যায়ে নদীর পাড়ে এসে পরিবারের সদস্যরা তাসমিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালালেও তাকে শনাক্ত করতে পারেননি। অবশেষে শনিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

এ ঘটনায় তাসমিয়ার পরিবার ও নানাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, স্থানীয়রা শনিবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন